Logo

ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’ দেখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৯
ধানের শীষের পক্ষে ‘গণজোয়ার’ দেখছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ভোট দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ভোটাধিকার প্রয়োগের পর তিনি দাবি করেছেন, ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থনের ঢেউ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। সংশ্লিষ্ট কক্ষে তিনিই প্রথম ভোটার হিসেবে ব্যালট প্রদান করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ্যানি বলেন, দীর্ঘদিন পর একটি শান্ত ও ইতিবাচক পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সারাদিন এ ধারা বজায় থাকবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই শান্তিপূর্ণ পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যেন তাদের পছন্দের নেতৃত্ব বেছে নিতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।

লক্ষ্মীপুরবাসীর ঐক্য ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। তার ভাষায়, আমরা চাই যোগ্য প্রতিনিধি নির্বাচিত হোক। আমি সবসময় মানুষের পাশে আছি এবং থাকব।

ভোটকেন্দ্রে এ সময় তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর-৩ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয় পর্যায়ে বিএনপির প্রার্থী এ্যানি ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় নিবন্ধিত ভোটার সংখ্যা ১৬ লাখ ৫ হাজার ১২১ জন। তারা ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD