Logo

ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৫৬
ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভোটের দিন বিকেলে দলটির এই হঠাৎ ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তবে কী বিষয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে—সে সম্পর্কে দলটির পক্ষ থেকে আগাম কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে মোট ৯ ঘণ্টা নির্ধারণ করে নির্বাচন কমিশন। পাশাপাশি প্রথমবারের মতো পোস্টাল ভোট ব্যবস্থাও চালু করা হয়েছে। একদিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট আয়োজনের কারণে ভোটারদের অংশগ্রহণ ও প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এই বাড়তি সময় প্রয়োজন বলে জানায় ইসি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচন ও গণভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তরুণ ভোটাররা। ৩৫ বছরের নিচে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে ১৮ থেকে ২৫ বছর বয়সী ভোটার রয়েছেন ২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫৩১ জন। এই বয়সসীমার ভোটারদের মধ্যে পুরুষ ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৯০২ জন, নারী ৯৪ লাখ ৯০ হাজার ২২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪০৮ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে ২৫ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৭৮ লাখ ১ হাজার ৩০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৪১ লাখ ১ হাজার ৯০ জন, নারী ভোটার ৩৬ লাখ ৮৯ হাজার ৫৬২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৬৭ জন।

ভোটগ্রহণ চলাকালীন সময়ে জামায়াতে ইসলামীর এই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা রাজনৈতিক পরিস্থিতিতে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে নির্বাচনসংক্রান্ত পরিস্থিতি, অভিযোগ কিংবা পরবর্তী রাজনৈতিক অবস্থান তুলে ধরা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD