Logo

হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা দিল ট্রাক প্রার্থী

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:০৯
হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা দিল ট্রাক প্রার্থী
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটগ্রহণের পর গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী কেন্দ্রে কারচুপির পাশাপাশি ব্যালট ছিনতাই এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হয়ে জসিম উদ্দিন বলেন, কেন্দ্রগুলোতে নেতাকর্মীরা মারধরের শিকার হয়েছেন, অনেককে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেকের বাড়িতে হুমকির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও ন্যায্যতা বিবেচনা করে ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও অভিযোগ করে বলেন, কিছু জায়গায় অর্থ দিয়ে ভোট কেনা হয়েছে এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় নিজস্ব কর্তৃপক্ষের পক্ষেই অনিয়ম করা হচ্ছে। আজ তারা নিজেরাই নিজের ভোট কাটছে। এমন পরিস্থিতিতে আমরা ভোট বর্জন ছাড়া কোনো বিকল্প দেখছি না।

বিজ্ঞাপন

এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর আগে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে জসিমকে সমর্থনের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ঋণখেলাপি হওয়ার অভিযোগে বাতিল হওয়ায় দলটি কার্যত প্রার্থীহীন হয়ে পড়েছিল। এরপর জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

জোটের নির্দেশনা মেনে ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা জসিম উদ্দিনের পক্ষে মাঠে নেমে কাজ শুরু করেছেন। তবে জসিমের ভোট বর্জনের ঘোষণার পর এলাকার ভোটের পরিবেশে উত্তেজনা বিরাজ করছে।

জসিম উদ্দিনের এই ঘোষণা রাজনৈতিক মহলে নতুন প্রশ্ন উত্থাপন করেছে— ভোটের স্বচ্ছতা ও কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা কতটুকু সম্ভব হয়েছে, তা নিয়ে এখন নতুনভাবে নজর দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD