ভোট কারচুপি ও সহিংসতার অভিযোগ তুলল ইসলামী আন্দোলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে দেশের একাধিক সংসদীয় আসনে অনিয়ম, সহিংসতা ও জাল ভোটের অভিযোগ তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী ও নির্বাচনি এজেন্টদের ওপর হামলা চালানো হয়েছে এবং কিছু কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এসব অভিযোগ করেন। তার বক্তব্য অনুযায়ী, পটুয়াখালী-৪ আসনের বিভিন্ন কেন্দ্রে হাতপাখা প্রতীকের নেতাকর্মীদের ওপর বিএনপি সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে।
বিবৃতিতে বলা হয়, ভোলা-১ আসনের একাধিক কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এছাড়া ময়পুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইসলামী আন্দোলনের পোলিং এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং সেখানে জাল ভোট দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
আরও অভিযোগে উল্লেখ করা হয়, ভোলা-১ আসনের ভেদুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী এজেন্টরা ভোটারদের ব্যালট নিয়ে জোরপূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিয়েছেন।
ভোলা-১ আসনের উত্তর দিঘোলদী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি, প্রার্থীর নির্বাচনি এজেন্ট এবং পর্যবেক্ষণ টিমকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখে বলেও অভিযোগ করা হয়েছে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের উদ্ধার করা হয় বলে দাবি করা হয়।
এদিকে ভোলা-৪ আসনের চরকলমী ইউনিয়নের ৬০ ও ৬১ নম্বর কেন্দ্রে ভোট কারচুপিতে বাধা দেওয়ায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে নরসিংদী-৫ আসনের রায়পুরা এলাকায় ভোট জালিয়াতিতে বাধা দেওয়ায় হাতপাখা প্রতীকের একজন এজেন্টকে মারধর করে রক্তাক্ত অবস্থায় কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করা হয়।
এছাড়া ঝালকাঠি-১ আসনের রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের এজেন্টদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা এবং কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, এসব ঘটনা স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ দাখিল করা হবে বলে জানানো হয়।








