কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: মামুনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৩ আসনে ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন।
মামুনুল হক বলেন, কিছু কেন্দ্রের ভেতরে অব্যবস্থাপনা আছে। কিছু জায়গায় কেন্দ্রের বাইরে আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে।
বিজ্ঞাপন
সুনির্দিষ্টভাবে কোথায় ভয়ভীতি দেখানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘রায়ের বাজারে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রাজেশ খানের নেতৃত্বে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইউসেফ স্কুল কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ৩৪ নম্বর ওয়ার্ডের প্রায় সব কেন্দ্রের বাইরে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়াও আগারগাঁও ও তালতলা এলাকায়ও কিছু কেন্দ্রে ঝামেলা করা হচ্ছে।’
ঢাকা-১৩ উত্তর সিটি করপোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৪ লাখ ৮ হাজার ৭৯১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৮১২ জন, নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতীকে লড়ছেন ববি হাজ্জাজ। এছাড়াও জামায়াত জোটে মনোনীত রিকশা প্রতীক নিয়ে লড়ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মো. মামুনুল হক।
বিজ্ঞাপন
এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মিজানুর রহমান, কলস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোহেল রানা। রকেট প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) শাহাবুদ্দিন। মই প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মো. খালেকুজ্জামান। হারিকেন প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ মুসলিম লীগের শাহরিয়ার ইফতেখার। আপেল প্রতীকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর ফাতেমা আক্তার মুনিয়া এবং ঘুড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ রবিউল ইসলাম।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। কেন্দ্রের নিরাপত্তা ছাড়াও পুলিশের বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের নিরাপত্তা ছাড়াও বাইরে স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন রয়েছে।
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য মোতায়েন রয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর সশস্ত্র সদস্য ১ লাখ ৩ হাজার জন। নির্বাচনে সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।
এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ভোটে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন








