৩ ঘণ্টা এজেন্ট ছিল না, এই সময় কী হয়েছে জানতে চায় নাসীরুদ্দীন

ঢাকা-৮ আসনের একটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে দীর্ঘ সময় ধরে নিজেদের এজেন্টকে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি দাবি করেছেন, প্রায় তিন ঘণ্টা ধরে ওই কেন্দ্রে তাদের কোনো এজেন্ট উপস্থিত ছিলেন না। এ সময় কেন্দ্রের ভেতরে কী কার্যক্রম হয়েছে, তা জানতে সিসিটিভি ফুটেজ জনসমক্ষে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, সকাল থেকে তিনি একাধিক ভোটকেন্দ্র ঘুরে দেখেছেন। অধিকাংশ কেন্দ্রে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গুরুতর সমস্যা দেখা গেছে। ওই কেন্দ্রে এনসিপির এজেন্টকে প্রথমে এক ঘণ্টা দেরিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়। পরে সেই বিলম্ব বাড়তে বাড়তে প্রায় তিন ঘণ্টায় গিয়ে দাঁড়ায়।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এই পুরো সময়জুড়ে কেন্দ্রের ভেতরে তাদের কোনো এজেন্ট উপস্থিত ছিল না। ফলে ওই তিন ঘণ্টায় ভোটকেন্দ্রের ভেতরে কী হয়েছে, তা জানার অধিকার তাদের রয়েছে।
তিনি দাবি করেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রকাশ করতে হবে, যাতে প্রকৃত চিত্র সবার সামনে স্পষ্ট হয়।
আরও পড়ুন: সারা দেশ থেকে ভালো খবর পাচ্ছি: ডা. তাহের
বিজ্ঞাপন
এনসিপির এই প্রার্থী আরও অভিযোগ করেন, এজেন্টকে বাইরে রেখে দেওয়ার সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়নি। বরং দলীয় সন্ত্রাসীরা এজেন্টকে আটকে রেখেছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এজেন্টের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন—তাকে চেক করেছে প্রতিপক্ষ দলের লোকজন, প্রশাসনের কেউ নয়।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ভোটকেন্দ্রে এমন আচরণ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সংশ্লিষ্ট ফুটেজ প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি।








