Logo

ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলো জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:০৭
ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিলো জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও ভোটের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম গেট থেকে ১১ দলীয় জোট-এর নেতৃত্বে এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হবে।

হামিদুর রহমান আযাদ বলেন, আমরা জনগণকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও ন্যায্য নির্বাচনের জন্য প্রতিবাদ করতে চাই। যারা অধিক সংখ্যক আসনে জয়ী হয়ে সুস্থ পথে না হেঁটে অসুস্থ পথে যেতে চায়, তাদের জনগণ মেনে নেবে না। আমাদের লক্ষ্য সংসদকে সকল রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা।

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ভোটগ্রহণে জালভোট, কালো টাকার ব্যবহার, হুমকি-ধমকি এবং নির্দিষ্ট কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটেছে। কর্তব্যরত অফিসার ও দলীয় কর্মীরাও ব্যালেটে সিল মেরেছেন। অনেক কেন্দ্রে ফলাফল শিটে ঘষামাজা ও পেন্সিলে লেখা হয়েছে। বারবার অভিযোগ জানালেও সন্তোষজনক পদক্ষেপ হয়নি।

হামিদুর রহমান আযাদ আরও জানান, ঢাকা-৮ আসনসহ ৩২টি কেন্দ্রে তাদের প্রার্থীরা স্বল্প ভোটের ব্যবধানে হারানো হয়েছে। এসব আসনে পুনঃগণনার আবেদন নির্বাচন কমিশনে করা হয়েছে। কমিশন তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছে, ফলে প্রার্থীদের অভিযোগ জানানোর সময় হয়নি।

তিনি বলেন, আমরা সংসদেও যাবো, রাজপথেও থাকবো। এবারের নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটেনি। বিজয়ীরা সঠিক পথে না চললে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ জানান, ছায়া মন্ত্রিসভার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এ কর্মসূচি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ মিছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রশ্নবিদ্ধতার আলোকে নতুন এক অঙ্গীকার হিসেবে দেখা যেতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD