Logo

ভোট পুনর্গণনা চেয়ে ইসিকে জামায়াতসহ ১১ দলের চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৪২
ভোট পুনর্গণনা চেয়ে ইসিকে জামায়াতসহ ১১ দলের চিঠি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

বিজ্ঞাপন

রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের পাশাপাশি সঠিকভাবে ফল ঘোষণা নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। ভোটের ফলাফলে কোনো ধরনের কারসাজি বা প্রকৌশল প্রয়োগ হলে তার দায় এড়ানোর সুযোগ নেই। এ কারণেই ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে ইসিকে চিঠি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত না থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তিন কমিশনার ও ইসি সচিব। জামায়াতের পক্ষে ড. আযাদের সঙ্গে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নবনির্বাচিত সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন। এছাড়া লেবার পার্টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও খেলাফত মজলিসসহ জোটভুক্ত দলগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

ড. আযাদ বলেন, নির্বাচনের তিনটি ধাপ—ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল প্রকাশ। ভোটগ্রহণের সময় অতীতের তুলনায় বড় ধরনের সহিংসতা কম থাকলেও কেন্দ্রগুলোতে জালভোট, কালো টাকার ব্যবহার, হুমকি-ধমকি ও ভয়ভীতির অভিযোগ পাওয়া গেছে। এসব কারণে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে।

ভোট গণনা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া, গণনা কক্ষে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি এবং ফলাফল শিটে কাটাকাটি ও ওভাররাইটিংয়ের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে প্রার্থীর প্রকৃত এজেন্টদের স্বাক্ষরও নেওয়া হয়নি, যা ফলাফলের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ৩২টি আসনের বাইরেও অনিয়মের বিষয়ে তাদের কাছে তথ্য-প্রমাণ রয়েছে। ভোটের ব্যবধান অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রমাণ পাওয়া গেলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

নির্বাচন কমিশন সংস্কার প্রসঙ্গে ড. আযাদ বলেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হওয়ায় প্রত্যাশিত সুফল পাওয়া যায়নি। তবে ইসির পক্ষ থেকে তারা আন্তরিকভাবে চেষ্টা করেছে—এমন বক্তব্য তারা শুনেছেন এবং তা বিশ্বাস করতে চান বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD