Logo

পরিবহনমন্ত্রীর ‘সমঝোতা’ মন্তব্যে তীব্র সমালোচনা তাসনিম জারার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:২৮
পরিবহনমন্ত্রীর ‘সমঝোতা’ মন্তব্যে তীব্র সমালোচনা তাসনিম জারার
ডা. তাসনিম জারা | ফাইল ছবি

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রীর চাঁদা আদায়কে ‘সমঝোতা’ বা ‘অলিখিত বিধি’ হিসেবে আখ্যা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক এনসিপি নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ডা. জারা বলেন, যাকে মন্ত্রী সমঝোতা বলছেন, তা বাস্তবে চালকদের ওপর চাপিয়ে দেওয়া একটি অবৈধ প্রক্রিয়া। নির্দিষ্ট রুটে গাড়ি চালাতে গেলে চালকদের বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট সংস্থা বা গোষ্ঠীকে টাকা দিতে হয়। একে সমঝোতার মোড়ক দেওয়া মানে একটি অনিয়মকে বৈধতার ভাষা দেওয়া।

তিনি আরও বলেন, সড়কে এই ‘অলিখিত চাঁদা’ সরাসরি সাধারণ মানুষের পকেটে প্রভাব ফেলে। বাসভাড়া বৃদ্ধি এবং পণ্যবাহী ট্রাকের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির পেছনে এ অবৈধ লেনদেনের প্রভাব আছে। শেষ পর্যন্ত এই অর্থ পরিশোধ করেন সাধারণ যাত্রী ও ভোক্তা। এটি চালক বা মালিকের ব্যক্তিগত অর্থ নয়।

বিজ্ঞাপন

মন্ত্রী শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি ও শ্রমিক সমিতি তাদের কল্যাণে এটি ব্যবহার করে। এটি অলিখিত বিধির মতো এবং সমঝোতার ভিত্তিতে করা হয়।

ডা. জারা এই মন্তব্যের প্রেক্ষিতে প্রশ্ন তোলেন, ক্ষমতায় থাকা দলের প্রভাব থাকলে কি এই অর্থ আদায় রাজনৈতিক ক্যাডারদের পৃষ্ঠপোষকতার মাধ্যম হয়ে যাচ্ছে না?

তিনি দাবি করেন, রাস্তায় টাকা তোলা বন্ধ করতে হবে। যদি মালিক বা শ্রমিক সমিতির কল্যাণ তহবিল প্রয়োজন হয়, তা আনুষ্ঠানিক ও স্বচ্ছ পদ্ধতিতে সংগ্রহ করতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট বা বার্ষিক রেজিস্ট্রেশন ফি-এর মাধ্যমে।

বিজ্ঞাপন

সাবেক এই এনসিপি নেত্রী বলেন, সড়কে যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে, তার পূর্ণাঙ্গ অডিট নিশ্চিত করুন। প্রকাশ করুন, এই অর্থ আসলে কার কল্যাণে ব্যয় হচ্ছে—সাধারণ চালক-শ্রমিকের জন্য, নাকি কোনো গোষ্ঠী বা ব্যক্তির পকেটে?

তিনি সরকারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, অনিয়মকে ‘অলিখিত বিধি’ বলে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে জনগণকে হতাশ করা ঠিক নয়।

বিজ্ঞাপন

ডা. জারার বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে, সড়কে চাঁদাবাজি ও অস্বচ্ছ অর্থ আদায় বন্ধ করার দাবিতে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং চালক ও সাধারণ মানুষের স্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করতে বলছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD