Logo

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় ছাত্রনেতা রাজু আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ, ২০২৬, ১৫:৩৬
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় ছাত্রনেতা রাজু আহমেদ
ফাইল ছবি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে আরও গতিশীল করতে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্বের সন্ধানে রয়েছে বিএনপির হাইকমান্ড। এই প্রক্রিয়ায় শীর্ষ পদের আলোচনায় তৃনমূল ও সাধারণ নেতাকর্মীদের মুখে মুখে এখন একটিই নাম—কেন্দ্রীয় সংসদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ।

বিজ্ঞাপন

ত্যাগী ও লড়াকু নেতৃত্বের প্রতিচ্ছবি

রাজু আহমেদ কেবল পদধারী নেতা নন, বরং রাজপথের একজন লড়াকু সৈনিক হিসেবে নেতাকর্মীদের কাছে পরিচিত। বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আওয়ামী সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে ২০২৪-এর গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত রাখতে তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন করতে গিয়ে একাধিকবার কারাবরণ এবং শারীরিক নির্যাতনের শিকার হওয়া এই ছাত্রনেতা প্রতিকূল সময়েও মাঠ ছেড়ে যাননি।

বিজ্ঞাপন

সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তা

তৃণমূল থেকে উঠে আসা রাজু আহমেদ ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে পালনকালে তার সাংগঠনিক দক্ষতা দেখিয়েছেন। সাধারণ কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং তাদের সুখে-দুখে পাশে থাকার কারণে ছাত্রদলের বিশাল একটি অংশ তাকে আগামী দিনের কান্ডারি হিসেবে দেখতে চায়। কর্মীদের মতে, রাজু আহমেদ একজন সুশৃঙ্খল নেতা, যিনি চেইন অব কমান্ড বজায় রাখতে কঠোর।

ক্লিন ইমেজ ও আগামীর প্রত্যাশা

বিজ্ঞাপন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যখন ছাত্রদলে ‘ক্লিন ইমেজ’ এবং ‘পরিক্ষিত’ নেতাদের গুরুত্ব দিচ্ছেন, তখন রাজু আহমেদ যোগ্যতার মাপকাঠিতে অনেকটাই এগিয়ে। তার বিরুদ্ধে কোনো প্রকার চাঁদাবাজি বা বিশৃঙ্খলার অভিযোগ নেই, যা বর্তমান সময়ে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে অত্যন্ত জরুরি।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন সাধারণ কর্মীরা। নেতাকর্মীদের দাবি, রাজু আহমেদের মতো ত্যাগী ও সাহসী নেতাকে শীর্ষ নেতৃত্বে আনা হলে ছাত্রদল শুধু শক্তিশালীই হবে না, বরং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আরও কার্যকর ভূমিকা পালন করতে পারবে।

বিজ্ঞাপন

নিজের প্রার্থিতা ও আলোচনা প্রসঙ্গে রাজু আহমেদ বলেন, ‘আমরা অনেকেই পদ প্রত্যাশী। তবে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান ছাত্রদলের জন্য যে সিদ্ধান্ত নেবেন, আমরা কর্মীরা সেটাই মেনে নিয়ে সংগঠনের ঐক্য এবং দেশের মানুষের অধিকারের জন্য কাজ করবো।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD