জরুরি সংবাদ সম্মেলন ডাকল জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল

ত্রয়োদশ জাতীয় সংসদে কয়েকটি বিল পাসকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধীদল। ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে এসব বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করার পরপরই জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
বিজ্ঞাপন
জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে সাম্প্রতিক সংসদীয় কার্যক্রম, বিশেষ করে বিতর্কিত বিল পাসের ঘটনা এবং এর প্রতিবাদে গৃহীত পদক্ষেপ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিরোধীদল সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে। তাদের অভিযোগ, বিরোধিতা ও আপত্তি উপেক্ষা করেই একাধিক বিল পাস করা হয়েছে, যা জনগণের স্বার্থের পরিপন্থী।
বিজ্ঞাপন
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, বিরোধীদলের যুক্তিসংগত আপত্তি থাকা সত্ত্বেও যেসব বিল পাস হয়েছে, তার দায় তারা নিতে রাজি নন। এ অবস্থায় প্রতিবাদের অংশ হিসেবে সংসদ ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিরোধীদলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতের সংবাদ সম্মেলনে তারা তাদের অবস্থান আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও দিকনির্দেশনা দিতে পারেন।







