Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ এপ্রিল, ২০২৬, ১৫:১৫
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ নির্বাচনের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ফেসবুকে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন।

দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ ইতিমধ্যেই জাতির সামনে চলে এসেছে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই।জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।।

অপরদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে।

তিনি বলেন, এই দুই আসনের নির্বাচন যেন আগের যে কোনো নির্বাচনের চেয়ে ভালো হয়, তার জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে শেরপুর-৩ আসন সীমান্তবর্তী হওয়ায় সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি, র‍্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

এদিকে নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ চলাকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা নির্বাচন কর্মকর্তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

নির্বাচন কার্যক্রম স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পাশাপাশি কাজ করছে। এতে ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকারের প্রয়োগ করতে পারছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD