বিএনপির নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। ফরম বিক্রি চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞাপন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শুক্রবার থেকে রোববার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও সংগ্রহ করা হবে। ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা। একই সঙ্গে প্রতিটি ফরমের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তফসিল ঘোষণা করেন। ভোটের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১২ মে।
বিজ্ঞাপন
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আপিল দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
ইসি সচিব আরও জানান, সংরক্ষিত নারী আসনের বণ্টনে বিএনপি ও তাদের জোটের জন্য ৩৬টি আসন নির্ধারণ করা হয়েছে। জামায়াতে ইসলামী ও তাদের জোট পাবে ১৩টি আসন, আর স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে ১টি আসন। মোট আসন সংখ্যা ৫০টি।








