Logo

বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল

profile picture
জেলা প্রতিনিধি
রংপুর
১১ জুলাই, ২০২৬, ১৬:৫০
বৃষ্টি উপেক্ষা করে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিও থামাতে পারেনি রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি। চার দফা দাবিতে আয়োজিত এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুরের পর মুষলধারে বৃষ্টি শুরু হলেও সমাবেশস্থলে মানুষের ঢল কমেনি। বরং বৃষ্টি উপেক্ষা করেই লাখো নেতাকর্মী ও সমর্থক রংপুর জেলা স্কুল মাঠে অবস্থান নেন।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার পর থেকে বৃষ্টি শুরু হলেও সমাবেশের পরিবেশে তার কোনো প্রভাব পড়েনি। অনেককে ছাতা হাতে, কেউ পলিথিন গায়ে জড়িয়ে, আবার কেউ ভেজা কাপড়েই সমাবেশে অংশ নিতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের উদ্দীপনা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৃষ্টি যেন তাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয়।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করার উদ্যোগ গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনসহ চার দফা দাবিতে ১১ দলীয় ঐক্য এ বিভাগীয় সমাবেশের আয়োজন করে।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা রংপুর নগরীতে আসতে শুরু করেন। দুপুরের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এলেও তাদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। পরে বেলা আড়াইটার পর মুষলধারে বৃষ্টি শুরু হলেও সমাবেশস্থল ছেড়ে যাননি কেউ। বরং বৃষ্টির মধ্যেই নেতারা বক্তব্য দেন এবং নেতাকর্মীরা মনোযোগ দিয়ে তা শোনেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, রংপুর মহানগরীর প্রবেশমুখগুলো দিয়ে ভেজা কাপড়েই মিছিল নিয়ে ঢুকছেন মানুষ। অনেকের হাতে দলীয় পতাকা, কেউ আবার স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।

পীরগাছা থেকে আসা জামায়াতে ইসলামীর কর্মী ফুয়াদ হাসান বলেন, বৃষ্টিতে ভিজে গেলেও সমস্যা নেই, শুধু নেতার বক্তব্য শুনতে চাই। এই সমাবেশ তো দেশের জন্য, দেশের মানুষের জন্য। একটু না হয় কষ্ট হলো, তবুও রংপুরের মানুষের দাবিগুলো সরকার মেনে নেয়।

বিজ্ঞাপন

আরেক কর্মী জুনায়েদ ইসলাম বলেন, বৃষ্টির জন্য একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই আনন্দ হয়ে যাবে যখন আমির সাহেবকে সামনে থেকে দেখতে পারবো। তার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারব। বৃষ্টি হলেও আমরা এসেছি, এটাই আমাদের দলের প্রতি ভালোবাসা ও সমর্থন। আমরা তিস্তা মহাপরিকল্পনাসহ সব দাবি বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

সমাবেশের শুরুতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, মহানগর জামায়াতে ইসলামীন আমির এটিএম আজম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগরের সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর মহানগর সভাপতি ইব্রাহিম খলিল, এবি পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাহবুবার রহমান, বাংলাদেশ লেবার পার্টির রংপুর মহানগর সভাপতি শামসুদ্দিন রাজা এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ এম. শরিফুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলী আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD