Logo

ভিডিও বিতর্কের মধ্যেই ভাইরাল জামায়াত এমপির পুরোনো বক্তব্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই, ২০২৬, ২০:০৮
ভিডিও বিতর্কের মধ্যেই ভাইরাল জামায়াত এমপির পুরোনো বক্তব্য
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনায় রয়েছেন সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নারীদের পোশাক, শালীনতা ও চলাফেরা নিয়ে তার দেওয়া একটি পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ছড়িয়ে পড়া ভিডিওতে গাজী নজরুল ইসলাম নারীদের শালীন পোশাক পরিধান ও মাথায় পর্দা রাখার পরামর্শ দিতে দেখা যায়। পাশাপাশি তিনি বলেন, দূরের কোথাও যাতায়াতের ক্ষেত্রে নারীদের সঙ্গে রক্তের সম্পর্কের কোনো আত্মীয় থাকা উচিত।

ভিডিওতে তিনি বলেন, মেয়েদের এমনভাবে চলাফেরা করা উচিত যাতে শালীনতা বজায় থাকে। তার ভাষ্য অনুযায়ী, মাথায় ওড়না বা কাপড় রাখা এবং শরীর ঢেকে চলাফেরা করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই বক্তব্যে তিনি আরও বলেন, নারীরা সব ধরনের কাজ করতে পারবেন। তবে প্রয়োজন হলে দূরের পথে যাওয়ার সময় তাদের সঙ্গে রক্তের সম্পর্কের কোনো ব্যক্তি থাকা ভালো। তার মতে, সেই ব্যক্তি পুরুষ হলে ভালো, তবে নারী হলেও সমস্যা নেই।

এদিকে, গত সোমবার রাত থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও এবং সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে অবস্থান করতে দেখা যায়। বিভিন্ন অংশে তিনি কখনো মোবাইল ফোনে কথা বলছেন, আবার কখনো ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন—এমন দৃশ্যও ফুটেজে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী এবং এটি পরিকল্পিতভাবে ধারণ ও প্রচার করা হয়েছে। তার অভিযোগ, ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট ও চরিত্রহননের উদ্দেশ্যে ঘটনাটি ঘটানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ভিডিওতে থাকা নারীর পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে, তিনি গাজী নজরুল ইসলামের বৈধ স্ত্রী। একই দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও। তাদের বক্তব্য অনুযায়ী, পারিবারিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়েছিল এবং বিষয়টি গোপন ছিল না।

এর মধ্যেই নারীদের শালীনতা নিয়ে গাজী নজরুল ইসলামের পুরোনো বক্তব্যের ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা তার বর্তমান পরিস্থিতির সঙ্গে আগের বক্তব্যের তুলনা টেনে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD