Logo

টিআইবির প্রতিবেদনে জামায়াত নিয়ে তথ্য অসত্য ও বিভ্রান্তিকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ২১:১২
টিআইবির প্রতিবেদনে জামায়াত নিয়ে তথ্য অসত্য ও বিভ্রান্তিকর
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে দেওয়া তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে দলটি। গত ১ নভেম্বর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সব পর্যায়ে গণতান্ত্রিক চর্চা করা হয়। একই সঙ্গে দলের প্রতিটি স্তরে নারীদের কার্যক্রম ও কমিটি রয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, টিআইবির গবেষণা প্রতিবেদনে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ে কমিটিতে নারীদের কোনো অংশগ্রহণ নেই’ বলে যে তথ্য তুলে ধরা হয়েছে, তা অসত্য ও বিভ্রান্তিমূলক। এ তথ্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গোলাম পরওয়ারের দাবি, জামায়াতের অন্যতম সাংগঠনিক ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরা। বর্তমান কেন্দ্রীয় কর্মপরিষদে ২১ জন নারী সদস্য এবং কেন্দ্রীয় মজলিসে শূরায় ১২২ জন নারী সদস্য রয়েছেন। এ ছাড়া দলের রুকন বা সদস্যদের মধ্যে নারীর অংশ প্রায় ৪৩ শতাংশ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতো দায়িত্বশীল সংস্থার পক্ষ থেকে এমন অসত্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশ অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দায়িত্বহীনতার পরিচয়।’

জামায়াতকে নিয়ে ভবিষ্যতে কোনো প্রকাশনা বা প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান গোলাম পরওয়ার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD