Logo

১২ হাজার ৫০০ টাকায় কীভাবে সংসার চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৬, ১৭:১৬
১২ হাজার ৫০০ টাকায় কীভাবে সংসার চালাবেন, প্রশ্ন সাদিক কায়েমের
সাদিক কায়েম | ফাইল ছবি

পোশাকশ্রমিকদের জন্য সম্মানজনক ও ন্যায্য মজুরি নির্ধারণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। তাঁর প্রশ্ন, বর্তমান বাজার পরিস্থিতিতে মাত্র ১২ হাজার ৫০০ টাকা বেতনে একজন শ্রমিক কীভাবে নিজের ও পরিবারের ব্যয় মেটাবেন?

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পোস্টে শ্রমিকদের মজুরি ও পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। অথচ বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম প্রায় দ্বিগুণ ন্যূনতম মজুরি দিয়েও পোশাক রপ্তানিতে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সরকারের ব্যর্থতার দায় শ্রমিকদের ওপর চাপানো উচিত নয় বলে মন্তব্য করেন ডাকসু ভিপি। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশগুলোর একটিতে ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের খরচ চালানো অত্যন্ত কঠিন।

বিজ্ঞাপন

সাদিক কায়েমের মতে, পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি স্বার্থেই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা প্রয়োজন। তাঁর অভিযোগ, সরকার শুরু থেকেই পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নিতে পারেনি। আলোচনার মাধ্যমে আগেই সমাধানে পৌঁছানোর চেষ্টা না করে শ্রমিকদের আন্দোলন শুরুর পর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারের এই ব্যর্থতা পতিত আওয়ামী লীগকে শ্রমিক আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে সাদিক কায়েম বলেন, ছাত্র, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তসহ সব শ্রেণির মানুষের জন্য ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল। সেই লক্ষ্য পূরণে কোনো টালবাহানা না করে দ্রুত মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে।

বিজ্ঞাপন

নিজেদের ব্যর্থতা আড়াল করতে উসকানির অজুহাতে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD