এক দফা নিয়ে কাকে ভয় দেখাচ্ছেন: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ১১ দলীয় জোটের এক দফা দাবির হুঁশিয়ারি প্রসঙ্গে প্রশ্ন রেখে বলেছেন, "সাত দফা মেনে নিতে হবে, না হলে এক দফায় ফিরে যাব—কাকে ভয় দেখাচ্ছেন?" তিনি স্পষ্ট করে বলেন, ১৭ বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম, নিপীড়ন-অত্যাচার সহ্য করে এবং নেতাকর্মীদের অঙ্গহানি ও অন্ধত্ব বরণের মতো ত্যাগের মধ্য দিয়ে বিএনপি রাজপথে অবস্থান করছে। রাজপথ কারও মৌরসি পাট্টা নয়।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) ঢাকা আইনজীবী সমিতির সানাউল্লাহ মিয়া হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রিজভী বলেন, বিএনপি এগুলো অস্বীকার করছে না। তবে এগুলোতে কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ (ভিন্নমত) রয়েছে, যা শুধু বিএনপির একার নয়, আরও অনেক দলেরই রয়েছে এবং সেগুলোর নিষ্পত্তি করা প্রয়োজন। গণতান্ত্রিক পরিবেশে যেকোনো সমস্যার সমাধান আলোচনার টেবিলে বা সংসদে হওয়া উচিত, লং মার্চ করে নয়।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান হলো একটি জাতির আত্মজীবনী। সময়ের সঙ্গে জাতির বয়স বাড়ার পাশাপাশি সংবিধানেও সংশোধনী আসে। সব দল একত্র হয়ে সংসদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধনী এনে গণতন্ত্রায়ন সম্ভব। এ সময় সংস্কারের নামে প্রকৃত উদ্দেশ্য কী, তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিচারপ্রক্রিয়ায় ন্যায়বিচার ব্যাহত হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, আইনজীবীদের যুক্তি ও নথিপত্র উপেক্ষা করে তাকে সাজা দেওয়া হয়েছিল। এমনকি কারাগারে থাকাকালে তার চিকিৎসা ও মানবিক পরিস্থিতি নিয়েও তিনি তীব্র প্রশ্ন তোলেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বারের আহ্বায়ক খোরশেদ মিয়া আলমের সভাপতিত্বে এবং ঢাকা বার ইউনিটির সদস্য সচিব নিহার হোসেন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বারের সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, সাবেক সভাপতি খোরশেদ আলম মিয়া, ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, সাবেক সভাপতি আলহাজ্ব বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি ও অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা প্রমুখ।








