Logo

সাড়ে পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২০
সাড়ে পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

দেশে ফেরার আগে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস।

এ সময় তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি মির্জা আব্বাসের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দেশে ফিরে তিনি চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।

মির্জা আব্বাসের দেশে ফেরার সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরীও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। এরপর তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

মালয়েশিয়ায় দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন মির্জা আব্বাস। দেশে ফিরে তিনি রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD