Logo

জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে সরকার: গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৮
জনগণের দুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়েছে সরকার: গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জনগণের দুর্ভোগ কমাতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সময়ের সঙ্গে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলোও ভঙ্গ করেছে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।

গোলাম পরওয়ার বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থ হয়েছে। তাঁর মতে, সংসদে সরকারের ভুল স্বীকার করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের দাবিতে ঘোষিত লংমার্চে কোনো বাধা দেওয়া হলে তা মোকাবিলা করেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো হবে। তিনি বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এই লংমার্চ সাধারণ মানুষের। সরকার কর্মসূচিতে বাধা দিলে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে চট্টগ্রামে পৌঁছানো হবে। একই সঙ্গে ১১ দলের ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ তোলেন। তিনি বলেন, ক্ষমতায় থেকে জাতিকে ভুল পথে পরিচালনার চেষ্টা করা হলে তা প্রতিহত করতে তাদের হাত এক চুলও কাঁপবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গত ছয় মাসে সরকারের কথিত সাফল্য নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প এবং ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া বিএনপি সরকারের বলার মতো আর কোনো সাফল্য নেই।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ৩১ দফা বাস্তবায়নের স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা হলেও সরকারের কর্মকাণ্ডে মানুষ হতাশ হতে শুরু করেছে। তাঁর প্রশ্ন, যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েও দাম বাড়ায় এবং দলীয়করণ না করার কথা বলে ব্যাপকভাবে দলীয়করণ করে, জনগণ কীভাবে তাদের ওপর আস্থা রাখবে?

উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চটি যাত্রা শুরু করে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD