কারো আনুগত্য না করে চাঁদাবাজদের আইনের আওতায় আনুন: আখতার

আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলের প্রতি আনুগত্য না দেখিয়ে চাঁদাবাজি ও সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে আহত নেতা দেলোয়ার হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো দলের প্রতি আনুগত্য দেখানোর প্রয়োজন নেই। ক্ষমতাসীন দলের কেউ হোক কিংবা অন্য কোনো দলের—চাঁদাবাজি ও সহিংসতায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এটিই তাদের প্রত্যাশা।
তিনি বলেন, হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন এখনো শঙ্কামুক্ত নন। তাঁর ওপর চালানো হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি আবারও সামনে এনেছে।
বিজ্ঞাপন
আখতার হোসেনের ভাষ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলে কোনো রাজনৈতিক নেতা বা সাধারণ নাগরিককে এভাবে রামদার কোপে আহত হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করতে হতো না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গত কয়েক মাসে দেশের বিভিন্ন সূচকে চরম অবনতি দেখা যাচ্ছে। বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি, সংঘর্ষ ও দখলের পরিবেশ তৈরি হয়েছে। এমনকি গ্রামীণ এলাকায় মহিষ চরানোর মতো সাধারণ বিষয় নিয়েও চাঁদা দাবির খবর পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি দ্রুত নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়ে তিনি বলেন, দেলোয়ার হোসেনের ওপর বর্বর হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন নেতার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবাইরুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর এনসিপির মীর শোয়াইব, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সিফাত, দক্ষিণ জেলা এনসিপির জুলাই মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম শাহেদসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারে মার্কেটের চলাচলের রাস্তা (ফুটপাত) দখল করে দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ইজারাদারপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে এনসিপির আনোয়ারা উপজেলা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনসহ অন্তত সাতজন আহত হন।








