সাত ইসলামি দলের ঐক্য প্রক্রিয়ায় লিয়াজোঁ কমিটি গঠন

চট্টগ্রামের ফটিকছড়িতে কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বৈঠক হয়েছে। বৈঠকে দলগুলোর প্রস্তাব নিয়ে আলোচনা শেষে ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সাত দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে দলগুলোর পৃথক প্রস্তাব এবং সমন্বিত খসড়া রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতি জসিম উদ্দিন জানান, সাত দলের ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সাতটি দলের প্রত্যেকটি থেকে তিনজন করে প্রতিনিধি কমিটিতে থাকবেন।
লিয়াজোঁ কমিটি দলগুলোর মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের মাধ্যমে ঐক্যের প্রস্তাব নিয়ে থাকা মতপার্থক্যগুলো পর্যালোচনা করবে। হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।
আগামী ২২ অক্টোবর ঢাকায় লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ঐক্যের কাঠামো ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে পরবর্তী আলোচনা হবে। এরপর ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।








