Logo

উজিরপুরে নাগরিকের দরজায় প্রকৌশলী সুব্রত রায়ের তালা

profile picture
মো. বাকি বিল্লাহ
২৪ আগস্ট, ২০২৬, ১৩:৩৭
উজিরপুরে নাগরিকের দরজায় প্রকৌশলী সুব্রত রায়ের তালা
প্রকৌশলী সুব্রত রায়। ফাইল ছবি

জনসেবার জন্য নির্ধারিত একটি চেয়ার। অথচ সেই চেয়ারে বসা প্রতিনিধির কাছেই পৌঁছানো নিয়ে নাগরিকের ভোগান্তির অভিযোগ। কেউ সমস্যার কথা বলতে চান, কেউ স্থানীয় সেবার বিষয়ে সহযোগিতা চান কিন্তু দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরকে নিয়মিত পাওয়া যায় না, যোগাযোগ করেও সাড়া মেলে না এমন অভিযোগ করছেন বরিশালের উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা।

বিজ্ঞাপন

অভিযোগের কেন্দ্রে রয়েছেন সুব্রত রায়। তিনি উজিরপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী। একই সঙ্গে ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর। ফলে একদিকে সরকারি প্রকৌশলীর দাপ্তরিক ব্যস্ততা, অন্যদিকে জনপ্রতিনিধি হিসেবে নাগরিকের কাছে জবাবদিহি দুই দায়িত্বের ভারসাম্য নিয়েই এখন প্রশ্ন উঠছে।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পাওয়ার পর নিয়মিতভাবে ওয়ার্ডে উপস্থিত না থাকায় নাগরিকদের অনেককে তাঁর কাছে পৌঁছাতে নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে। কেউ সরাসরি দেখা করতে পারছেন না, কেউ মুঠোফোনে যোগাযোগ করে সাড়া পাচ্ছেন না বলে দাবি করছেন। কয়েকজন তাঁর আচরণ নিয়েও অসন্তোষ জানিয়েছেন।

একজন কাউন্সিলরের কাছে নাগরিকের প্রত্যাশা খুব সাধারণ সমস্যাটি শোনা হবে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তোলা হবে এবং সমাধানের পথ দেখানো হবে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডে এই প্রক্রিয়াটি সব সময় সহজ নয়। কাউন্সিলর হিসেবে সুব্রত রায়ের নাগরিকদের সঙ্গে যোগাযোগের নেই নির্দিষ্ট সময়সূচি। নেই অভিযোগ গ্রহণের কোনো রেজিস্টার। নাগরিকদের জন্য বিকল্প যোগাযোগ ব্যবস্থাও নেই। তার কর্মস্থালে নাগরিকদের প্রবেশে নিষেধজ্ঞা জারি রয়েছে বলে জানা গেছে। এমনকি ওই কক্ষে অনেক সময় তালা ঝুলিয়ে রাখেন।

বিজ্ঞাপন

এদিকে একজন সরকারি কর্মকর্তা সব সময় ওয়ার্ডে অফিসে থাকবেন এমন প্রত্যাশা নাগরিকদের। যাতে করে নাগরিকের কাছে কার্যকর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পৌঁছানো যায়। স্থানীয়দের অভিযোগ, ফোনে যোগাযোগ করেও তারা সব সময় সাড়া পান না। একটি ফোনকলের উত্তর না দিয়ে দায়িত্বে অবহেলা করা হচ্ছে।

কয়েকজন স্থানীয় বাসিন্দা সুব্রত রায়ের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের কেউ কেউ কথাবার্তায় রূঢ়তার অভিযোগ করেছেন। ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে অসন্তোষ স্থানীয়দের। অভিযোগগুলোর বিষয়ে জানতে সুব্রত রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন রিসিভ করেননি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD