Logo

আবারও ব্যাটিং ব্যার্থতায় সিরিজ হার বাংলাদেশের

profile picture
ক্রীড়া ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ২৪:১৪
19Shares
আবারও ব্যাটিং ব্যার্থতায় সিরিজ হার বাংলাদেশের
ছবি: সংগৃহীত

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ল বাংলাদেশ। ১৯১ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১০৯ রানে অলআউট হয় মেহেদী হাসান মিরাজের দল। ফলে ৮১ রানের বড় ব্যবধানে হেরে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। তানজিম হাসান সাকিব ও তানভীর ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রাখেন। তিনি ১৪০ বলে ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন, যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ব্যাটেই দলটি পৌঁছে যায় ১৯০ রানে অলআউট।

বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই শূন্য রানে আউট হন তানজিদ হাসান তামিম, ওমরজাইয়ের বলে ফাইন লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর রান আউট হয়ে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৭)।

বিজ্ঞাপন

সাইফ হাসান কিছুটা আক্রমণাত্মক ছিলেন (২৩ বলে ২২), তবে তিনিও ফেরেন ওমরজাইয়ের বলে। দলীয় ৫০ রানের মাথায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (৪) আউট হলে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

ইনিংস টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। কিন্তু হৃদয় রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন ২৪ রানে। এরপর নুরুল হাসান সোহান (১৫), তানজিম হাসান সাকিব (০) ও জাকের আলী (১৮) দ্রুত ফিরলে ২৮.৩ ওভারেই ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আফগানিস্তানের হয়ে রশিদ খান ছিলেন বিধ্বংসী, মাত্র ১৭ রানে নেন ৫ উইকেট। তাকে সহায়তা করেন ওমরজাই, যিনি শিকার করেন ৩টি উইকেট।

বিজ্ঞাপন

এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান (২-০)। আগামী সপ্তাহে সিরিজের শেষ ম্যাচটি হবে বাংলাদেশের জন্য কেবল মর্যাদা রক্ষার লড়াই।

জেবি/এমএল/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD