Logo

কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ, ২০২৬, ২০:১৩
কমলাপুর স্টেডিয়ামে অব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্ষোভ, দ্রুত সংস্কারের নির্দেশ
ছবি প্রতিনিধি।

রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম–এর জরাজীর্ণ অবস্থা ও ব্যবস্থাপনার ঘাটতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (০১ মার্চ) দুপুরে আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের দুরবস্থা তাঁর নজরে আসে। তিনি বলেন, স্টেডিয়ামটি কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ ও ব্লাস্ট চুরির ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

এ সময় দায়িত্বরত কর্মকর্তা ও নিরাপত্তা কর্মীদের অবহেলার প্রমাণ পাওয়ায় এনএসসি (NSC) এর নির্বাহী পরিচালককে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

স্টেডিয়ামের ড্রেসিংরুম ও ভেতরের পরিবেশ খেলার অনুপযুক্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, "এখানে স্টাফরা টিনশেড ঘর বানিয়ে থাকছেন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কাম্য নয়। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাফুফেকে এটি সংস্কারের দায়িত্ব বুঝিয়ে দেব।"

তিনি আরও জানান, ফিফার ফান্ডের মাধ্যমে স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে। নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর উঁচু করা ও কাঁটাতারের বেড়া দেওয়ার পাশাপাশি স্থানীয় মুগদা থানার সহায়তায় সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুততম সময়ে স্টেডিয়ামটিকে খেলোয়াড়দের জন্য উপযুক্ত পরিবেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD