যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলবে না ইরান

আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আসরটিতে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানেরও। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ না খেলার ইঙ্গিত দিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ।
বিজ্ঞাপন
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলি এবং যুক্তরাষ্ট্রের হামলার পর যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা কঠিন হয়ে পড়েছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ক্রীড়া কর্তৃপক্ষই নেবে বলে উল্লেখ করেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের সব ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা। এরপর ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৬ জুন সিয়াটলে, প্রতিপক্ষ মিশর।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। এছাড়া ইরানে অবস্থানরত বিদেশি খেলোয়াড়দের অনেকেই দেশে ফিরতে না পেরে অনিশ্চয়তায় পড়েছেন।
অন্যদিকে যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এর আগে একাধিকবার তার মৃত্যুর গুঞ্জন ছড়ালেও এবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তার মৃত্যুতে দেশে ৪০ দিনের গণশোক ও সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ








