Logo

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২২
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডে নিজের অবদান রেখে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার স্পেনের বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য বিশেষায়িত একটি কেন্দ্র নির্মাণে নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মেসির দেওয়া এই অর্থ যাচ্ছে এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার নির্মাণ প্রকল্পে। প্রায় ৩ কোটি ইউরো ব্যয়ে নির্মাণ হতে যাওয়া কেন্দ্রটির আয়তন হবে ৫ হাজার ১৩৭ বর্গমিটার। সেখানে প্রতিবছর আনুমানিক ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার সক্ষমতা থাকবে।

শিশুদের ক্যানসার চিকিৎসার বিভিন্ন সেবা একই জায়গায় আনার লক্ষ্যেই এই বিশেষায়িত কেন্দ্রটি গড়ে তোলা হচ্ছে। এর ফলে ক্যানসারে আক্রান্ত শিশু এবং তাদের পরিবার এক ছাদের নিচে বিশেষায়িত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ পাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রকল্পটি শুধু মেসি ফাউন্ডেশনের অর্থায়নে নয়; বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগের সম্মিলিত অর্থায়নেও এর নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে। মেসির অনুদান এ উদ্যোগে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নেও কাজ করে মেসি ফাউন্ডেশন। শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, মেসির জন্মশহর আর্জেন্টিনার রোজারিওর একটি হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় খেলাধুলাকে মাধ্যম হিসেবেও ব্যবহার করছে মেসি ফাউন্ডেশন। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সচেতনতামূলক কর্মসূচি ও প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ ছাড়া আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশে খেলার মাঠ সংস্কার ও নতুন মাঠ নির্মাণেও সহায়তা করছে ফাউন্ডেশনটি। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় বিদ্যালয় ও বিভিন্ন এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বাড়ানোর পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখার চেষ্টা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD