Logo

এশিয়ান গেমস: চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২১:২৮
এশিয়ান গেমস: চায়নিজ তাইপেকে হারিয়ে পদকের আরও কাছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে কাবাডিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। সকালে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর বিকেলে চায়নিজ তাইপেকেও হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪৮-৪৭ পয়েন্টের জয়ে পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

চায়নিজ তাইপের বিপক্ষে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচে কখনো তাইপে এগিয়ে গেছে, আবার কখনো লিড নিয়েছে বাংলাদেশ। শেষ মুহূর্ত পর্যন্ত ছিল তীব্র উত্তেজনা। শেষ মিনিটে বাংলাদেশ ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষের বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। পদক এখনো নিশ্চিত না হলেও জয়টি যেন তাদের কাছে পদক জয়ের মতোই আনন্দের হয়ে ওঠে।

টানা দুই ম্যাচ জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামীকাল স্বাগতিক জাপানের বিপক্ষে ম্যাচে জয় পেলেই গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত হওয়ার সুযোগ রয়েছে লাল-সবুজের দলের।

বিজ্ঞাপন

পুরুষ কাবাডির ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, দক্ষিণ কোরিয়া, চায়নিজ তাইপে ও জাপান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। কাবাডিতে সেমিফাইনালে ওঠা চার দলই পদক নিশ্চিত করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই গ্রুপে ভারতকে অন্যতম শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে চায়নিজ তাইপেকে হারিয়ে রানার্সআপ হওয়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।

গত এশিয়ান গেমসে চায়নিজ তাইপের কাছে হেরে পদক জিততে পারেনি বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকেই এবার শুরু থেকেই সতর্ক ছিল দলটি।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথমার্ধে একপর্যায়ে সাত পয়েন্টের লিড নিয়েছিল বাংলাদেশ। তবে প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি ভুলের সুযোগ নিয়ে ব্যবধান কমিয়ে আনে চায়নিজ তাইপে। শেষ পর্যন্ত ২৪-২০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের চিত্র পাল্টে যায়। বাংলাদেশ যেখানে প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছিল, সেখানে উল্টো চাপের মুখে পড়ে যায়। একপর্যায়ে ৩৬-৩৫ পয়েন্টে এগিয়ে যায় চায়নিজ তাইপে।

ম্যাচ শেষ হওয়ার প্রায় চার মিনিট আগে বাংলাদেশ আবার ৪০-৩৯ পয়েন্টে লিড নেয়। এরপর শেষ তিন মিনিটে চলে তীব্র স্নায়ুযুদ্ধ। প্রতিটি পয়েন্টের সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। শেষ পর্যন্ত এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে ৪৮-৪৭ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এ জয়ে এখন পরের ম্যাচে জাপানের বিপক্ষে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার অপেক্ষায় লাল-সবুজের প্রতিনিধিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD