Logo

সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম

profile picture
ক্রীড়া ডেস্ক
২ মার্চ, ২০২৬, ১১:৪৩
সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম
ছবি: সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম।। মধ্যপ্রাচ্যে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়লেও সব অনিশ্চয়তা কাটিয়ে তিনি ঢাকায় পৌঁছেছেন। আজ সকাল ১০টার দিকে তিনি রাজধানীতে অবতরণ করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা ছিল তার। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে জটিলতা তৈরি হয়। উমরাহ শেষে দুবাই হয়ে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর তার ফ্লাইটটি পুনরায় সৌদি আরবের জেদ্দায় পাঠানো হয়। ফলে সাময়িকভাবে সেখানেই অবস্থান করতে হয় তাকে।

রবিবার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন। পোস্টে তিনি লেখেন,  আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।

বিজ্ঞাপন

এর আগে, মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনিটর করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

জেবি/এসডি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD