শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দিল্লিতে বাংলাদেশের রবিউল

নিরাপত্তাজনিত কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ভারতে না গেলেও, অন্য একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। তার সঙ্গে রয়েছেন দলের কোচ শারমিন আক্তার। তারা এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আলেয়া ফেরদৌস জানিয়েছেন, শুটার ও কোচ নিরাপদে ভারতে পৌঁছেছেন এবং আয়োজক সংস্থা ও এশিয়ান শুটিং ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা বিষয়ে আগাম নিশ্চয়তা নিয়েই দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: আইসিসিকে যে পরামর্শ দিলেন শহীদ আফ্রিদি
রবিউল ইসলাম দেশের অন্যতম অভিজ্ঞ শুটার। তিনি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছেন এবং দেশ-বিদেশে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ শারমিন আক্তারও সাবেক সফল শুটার হওয়ায় দলটির প্রস্তুতি ও মানসিক দৃঢ়তা নিয়ে আশাবাদী ফেডারেশন। কর্মকর্তাদের মতে, আন্তর্জাতিক পরিবেশে খেলার অভিজ্ঞতা থাকায় তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবেন।
বিজ্ঞাপন
ফেডারেশনের তথ্য অনুযায়ী, রবিউল ও কোচ শারমিন গতকাল দিল্লিতে পৌঁছেছেন। আজ সকাল থেকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। রবিউলের নির্ধারিত ইভেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৫ ফেব্রুয়ারি।








