Logo

বিসিবির সংবাদ সম্মেলনের উত্তপ্ত ঘটনায় কোয়াবের উদ্বেগ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৬:৩৭
বিসিবির সংবাদ সম্মেলনের উত্তপ্ত ঘটনায় কোয়াবের উদ্বেগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনাকাঙ্ক্ষিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট ও এক জ্যেষ্ঠ সাংবাদিকের মধ্যে বাক্য-বিনিময়ের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বিজ্ঞাপন

মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে পরিস্থিতির অবনতি ঘটে। একটি প্রশ্নের ধরন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পাইলট। কথোপকথন তীব্র হয়ে উঠলে এক পর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এই ঘটনার প্রেক্ষিতে বুধবার এক বিবৃতিতে কোয়াব উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুনের সই করা বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সংবাদ সম্মেলনে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে ঘিরে ঘটে যাওয়া ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। এমন পরিবেশে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখা জরুরি বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

কোয়াব আরও জানায়, কঠিন প্রশ্ন বা মতভেদ থাকা স্বাভাবিক; তবে সেগুলো উপস্থাপন ও মোকাবিলার ক্ষেত্রে পেশাগত শিষ্টাচার ও সম্মান বজায় রাখা সবার দায়িত্ব। ক্রিকেট অঙ্গনে কোচ, বোর্ড কর্মকর্তা, সমর্থক ও ক্রীড়া সাংবাদিক—সবার মর্যাদা সমান গুরুত্বপূর্ণ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর আহ্বান জানিয়ে কোয়াব আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবাই বিষয়টি থেকে শিক্ষা নেবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে আলোচনায় আরও দায়িত্বশীল ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবেন। পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমেই দেশের ক্রিকেট এগিয়ে যেতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD