ভবিষ্যতের ক্রিকেট কাঠামো নিয়ে বিসিবির পরিকল্পনা ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেটের ভবিষ্যত কাঠামো উন্নয়নের বিষয়ে গতকাল (মঙ্গলবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেছে। সভায় তৃণমূল ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট, দীর্ঘমেয়াদি কোচিং পরিকল্পনা এবং খেলোয়াড় বিকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিজ্ঞাপন
বিসিবি আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার মূল সিদ্ধান্ত এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। বোর্ড জানিয়েছে, সভায় দেশের তৃণমূল এবং বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো পর্যালোচনা করা হয়েছে।
এই দুই স্তরের কার্যকারিতা যাচাই করা ছাড়াও ভবিষ্যতে উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে বয়সভিত্তিক ক্রিকেটে সিলেকশন প্রক্রিয়া ও বয়স যাচাই পদ্ধতি আরও স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সভায় কোচদের জন্য প্রণোদনা ব্যবস্থা চালু করার প্রস্তাব এসেছে। যারা সফলভাবে খেলোয়াড় বিকশিত করতে পারবেন, তাদের জন্য প্রণোদনার সুযোগ থাকবে।
এছাড়া দেশের ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ডাটাবেজ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পারফরম্যান্স ট্র্যাকিংয়ের জন্য সহায়ক হবে। বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো এবং পেশাগত উন্নয়নের সুযোগ সুনিশ্চিত করার জন্য সুস্পষ্ট ক্যারিয়ার পথ নির্ধারণের বিষয়েও আলোচনা করা হয়েছে।
বিসিবি আরও জানিয়েছে, কোচিং ও গেম এডুকেশন কারিকুলাম হালনাগাদ করার জন্য একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাব এসেছে, যা দেশের ক্রিকেট কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।








