Logo

ভারত ম্যাচ ইস্যুতে পাকিস্তানকে বোঝাতে নতুন উদ্যোগ আইসিসির

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৩
ভারত ম্যাচ ইস্যুতে পাকিস্তানকে বোঝাতে নতুন উদ্যোগ আইসিসির
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি দেশটির সরকারের অনুমতির ওপর নির্ভরশীল ছিল। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টুর্নামেন্টে অংশ নেওয়ার পথে এগোলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে পিসিবি এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি। তবুও সম্ভাব্য এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে পাকিস্তান বোর্ডের সঙ্গে আলোচনায় নেমেছে আইসিসি।

এ লক্ষ্যে আইসিসি চেয়ারম্যান জয় শাহর সহকারী এবং বোর্ডের ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে পিসিবির সঙ্গে যোগাযোগ রক্ষার। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধিত্বকারী খাজার ওপর দায়িত্ব পড়েছে পাকিস্তানকে ভারত ম্যাচে অংশগ্রহণে রাজি করানোর চেষ্টা চালানোর।

বিজ্ঞাপন

সংবাদসূত্রের তথ্যমতে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে শুধু পিসিবি নয়, আইসিসিও জটিলতায় পড়তে পারে। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের যে চুক্তি, সেখানে এই উচ্চপ্রত্যাশিত ম্যাচ অন্তর্ভুক্ত ছিল। এই ম্যাচের কারণে চুক্তির আর্থিক মূল্যও বেড়েছিল।

ম্যাচটি না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হতে পারে এবং সে ক্ষেত্রে চুক্তিভঙ্গের অভিযোগের মুখে পড়তে পারে আইসিসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD