আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ধূমকেতু বনাম দুরন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি থেকে। ভারতের মাটিতে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে না। এই প্রেক্ষাপটে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’।
বিজ্ঞাপন
দেশের ৩৯ জন সেরা ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে তিনটি দল। উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে লিটন দাসের ধূমকেতু একাদশ ও আকবর আলির দুরন্ত একাদশ। ম্যাচের আগের দিন দুই দলই অনুশীলনে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরে কোচরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
ধূমকেতু দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মাঠে নামলে সবাই নিজেদের সেরাটা দিতে চায়। অভিজ্ঞ ও তরুণ মিলিয়ে প্রতিযোগিতামূলক লড়াই হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার মতে, যারা এটিকে গুরুত্ব দিয়ে নেবে তাদের জন্য এটি বড় সুযোগ, আর অবহেলা করলে উল্টো ফলও হতে পারে।
বিজ্ঞাপন
দুরন্ত একাদশের কোচ হান্নান সরকার টুর্নামেন্টটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তার ভাষ্য, তিন দলের মধ্যে ভারসাম্য রেখে স্কোয়াড সাজানো হয়েছে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের বড় মঞ্চ। দলে অনেক ক্রিকেটারই পারফরম্যান্সের ক্ষুধা নিয়ে খেলতে নামবে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে সাংস্কৃতিক আয়োজন থাকবে। টুর্নামেন্টে প্রাইজমানি ও অংশগ্রহণ ফি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া খেলায় নতুনত্ব আনতে যুক্ত হয়েছে ‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ নিয়ম।
বিজ্ঞাপন
ধূমকেতু স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম।
দুরন্ত স্কোয়াড: জিসান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলায়েন, এস এম মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।








