আফগানদের উড়িয়ে বিশ্বকাপের শুভ সূচনা নিউজিল্যান্ডের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে বড় রান তুলেও জয়ের দেখা পায়নি আফগানিস্তান। বল হাতে শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করেছে নিউজিল্যান্ড।
বিজ্ঞাপন
রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৭ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে খেলতে নেমে ১৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ব্ল্যাক ক্যাপসরা।
লক্ষ্য তাড়ায় শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন ১ রান করে ফেরেন। পরের বলেই রাচিন রাবিন্দ্রাকে শূন্য রানে ফেরান মুজিব উর রহমান। তবে টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের জুটিতে দ্রুত ঘুরে দাঁড়ায় কিউইরা। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ৫২ রান তোলে দলটি।
বিজ্ঞাপন
২৫ বলে ৪২ রান করে ফিলিপস আউট হলেও ৩৯ বলে ফিফটি তুলে নেন সেইফার্ট। ১৩তম ওভারে মোহাম্মদ নবীর এক ওভারে দুটি ছক্কা ও একটি বাউন্ডারি হাঁকান তিনি। পরের বলেই আউট হলেও জয়ের ভিত গড়ে দেন এই ওপেনার।
এরপর দায়িত্ব নেন মার্ক চ্যাপম্যান। ১৭ বলে ২৮ রান করে তিনি বিদায় নিলেও দলের জয় সহজ করে দেন। শেষ দিকে ড্যারেল মিচেল ও অধিনায়ক মিচেল স্যান্টনারের ব্যাটে জয় নিশ্চিত হয়। মিচেল করেন ১৪ বলে ২৫ রান, স্যান্টনার ৮ বলে অপরাজিত ১৭ রান।
এর আগে আফগানিস্তানের হয়ে ওপেনিংয়ে রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ৩৫ রানের জুটি গড়েন। ইবরাহিম ১২ বলে ১০ রান করে ফিরলে, গুরবাজ ২২ বলে ২৭ রান করে বিদায় নেন। পাওয়ার প্লে শেষে স্কোর দাঁড়ায় ৪৪/২।
বিজ্ঞাপন
মাঝের ওভারে সেদিকউল্লাহ আতাল ও গুলবাদিন নাইব ইনিংস গড়েন। ২৪ বলে ২৯ রান করে আতাল আউট হলেও নাইব ছিলেন দুর্দান্ত। ৩৫ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শেষ দিকে ডারউইশ রাসুলি (১৩ বলে ২০), আজমতউল্লাহ ওমরজাই (৭ বলে ১৪) ও মোহাম্মদ নবীর ছোট ছোট অবদানে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৮২ রান।
তবে সেই রান শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হয়নি। দাপুটে পারফরম্যান্সে ম্যাচ জিতে বিশ্বকাপ মিশনে শুভসূচনা করল নিউজিল্যান্ড।








