রুদ্ধশ্বাস জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ

১০৪ রানের সহজ লক্ষ্য পেলেও থাইল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশ ‘এ’ দলের। তবে শেষ ওভারের নাটকীয়তায় ৩ উইকেটের জয় তুলে নিয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে সেমিফাইনালের আরও কাছে পৌঁছে গেছে ফাহিমা খাতুনের দল।
বিজ্ঞাপন
দুই ম্যাচে টানা দুই জয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছিল। শ্রীলঙ্কা ও থাইল্যান্ড—দুই দলেরই পয়েন্ট ২ করে। আগামী ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১১ রানেই ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দার ঝিলিক ফিরে যান। ৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর লতা মণ্ডলকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন সারমিন সুলতানা। ২৬ রান করে ফেরেন সারমিন, আর লতা করেন ৩০। ৫৪ রানে চতুর্থ উইকেট হারানোর পরও ম্যাচে দোলাচল তৈরি হয়।
বিজ্ঞাপন
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। মায়ার করা ওভারের প্রথম বলে ১ রান নিয়ে ফারজানাকে স্ট্রাইক দেন শরিফা খাতুন। পরের বলেই বাউন্ডারি, তৃতীয় বলে ছক্কা হাঁকান ফারজানা ইয়াসমিন। শেষ তিন বলে সমীকরণ দাঁড়ায় ১ রানে। চতুর্থ বলে সোয়ানচনরাতির হাতে ধরা পড়ার আগে ১৫ বলে ২৩ রান করেন ফারজানা (৩ চার ও ১ ছক্কা)। পঞ্চম বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করেন জান্নাতুল ফেরদৌস। ম্যাচসেরা নির্বাচিত হন ফারজানা।
এর আগে ব্যাট করতে নেমে থাইল্যান্ড বড় সংগ্রহ গড়তে পারেনি। ৩৮ বলে ৩৪ রান করেন নানাপাত। নানথাকান চানথাম ২৪ ও ওনিচা কামচোমফু ১৭ রান যোগ করেন।
বিজ্ঞাপন
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন, খরচ করেন যথাক্রমে ১৬ ও ১৪ রান। ফারিহা তৃষা নেন একটি উইকেট, ৩ ওভারে দেন মাত্র ৫ রান। সানজিদা আক্তার মেঘলা ৪ ওভারে ১৩ রান দিয়ে শিকার করেন একটি উইকেট।








