ঢাকায় বিশ্বকাপজয়ী ওজিল, রাখেন বাংলাদেশের খোঁজখবর

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। জার্মানির সমর্থকরা যেমন তাকে ভালোবাসেন, বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে ওজিলের ফ্যানবেজ বড়। বিশেষ করে তার ভদ্র আচরণ, মানবিক জীবনধারা এবং মুসলিম জীবনযাপন ভক্তদের কাছে তাকে আলাদা করে তুলেছে।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার উদ্বোধন উপলক্ষে ওজিল প্রায় এক ঘণ্টা কম সময় ছিলেন। অনুষ্ঠানটি ভিন্নভাবে নিভৃতে আয়োজন করা হয়। ডাকসু ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকে এ তথ্য জানতে পেরেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মিডিয়ার সঙ্গে কোনো বক্তব্য শেয়ার করেননি।
ওজিলের আগমনের কিছু মিনিট আগে শিক্ষার্থীরা খবর পান। তার উপস্থিতি দেখতে মেডিক্যাল সেন্টারে কিছু শিক্ষার্থী ক্লাস ও অন্যান্য কাজ ফেলে যান। কয়েকজন কাছাকাছি থেকে ছবি তোলার সুযোগও পান। ডাকসু ভিপি সাদিক কায়েম এবং আরমান হোসেনের সঙ্গে সীমিত কথোপকথন হয়।
বিজ্ঞাপন
ডাকসু ভিপি সাদিক কায়েম জানিয়েছেন, “আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন ছিল। দীর্ঘদিন ধরে অকার্যকর থাকা কেন্দ্রটি প্রায় ৩ কোটি টাকার বিনিয়োগে পুনর্নির্মাণ করা হয়েছে। মূলত এই অনুষ্ঠানে বিলাল এরদোয়ান এবং মেসুত ওজিল উপস্থিত ছিলেন।”
ওজিল বাংলাদেশ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেছেন। কায়েম বলেন, “ওজিল এবং বিলাল এরদোয়ান বাংলাদেশে ফুটবল এবং সাম্প্রতিক ইতিহাস নিয়ে আগ্রহী। ওজিল জানিয়েছে, সে বাংলাদেশে তার বড় ফ্যানবেজের কথা জানে এবং দেশের ফুটবল ও ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করার জন্য কাজ করতে চায়। আমরা আশা করি এই সহযোগিতা ভবিষ্যতে আরও এগোবে।”
বিজ্ঞাপন
ডাকসুর পক্ষ থেকে ওজিলকে বিশেষ স্যুভেনিয়ারও দেওয়া হয়েছে। আগামীকাল তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং এরপর দেশ ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।








