নেইমারকে ঘিরে বড় দুঃসংবাদ!

আসন্ন ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নেইমার জুনিয়র থাকছেন না দলে—এমনটাই জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।
বিজ্ঞাপন
আগামী মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। গুঞ্জন ছিল, দীর্ঘ চোট কাটিয়ে এই ম্যাচ দুটিতে জাতীয় দলে ফিরতে পারেন নেইমার। তবে সর্বশেষ পরিকল্পনায় তাকে রাখা হয়নি বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, কোচ আনচেলত্তির পরিকল্পনায় আপাতত জায়গা করে নিতে পারেননি নেইমার।নোভোরিজোনিতোর বিপক্ষে সান্তোসের হতাশাজনক হার এবং প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার বিষয়টিও তার জাতীয় দলে ফেরা বিলম্বিত করতে পারে। যদিও কোচের প্রাথমিক ভাবনাতেই নেইমার ছিলেন না বলেও উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সবাই নেইমারের শারীরিক অবস্থা ও মাঠের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে শেষ দিকের ম্যাচগুলোতে তাকে রাখার পরিকল্পনা কখনোই নাকি ছিল না।
প্রত্যাশা ছিল, ফেব্রুয়ারিতে ধীরে ধীরে মাঠে ফিরে চোট কাটিয়ে ছন্দ ফিরে পাবেন এবং সান্তোসের হয়ে খেলে নিজেকে আরও প্রস্তুত করবেন, তারপর জাতীয় দলে ফেরার বিষয়টি বিবেচনা করা হবে।
বিজ্ঞাপন
আনচেলোত্তির কোচিং স্টাফের মূল্যায়ন অনুযায়ী, জাতীয় দলে নেইমার কীভাবে মানিয়ে নেবেন—এ নিয়ে কোনো সন্দেহ বা বিতর্ক নেই। পরিকল্পনাও অপরিবর্তিত রয়েছে। মে মাসে তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখা হবে, ব্রাজিলের প্রয়োজন অনুযায়ী তিনি বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিট আছেন কি না।
সংবাদ সম্মেলনগুলোতে আনচেলোত্তি সবসময়ই নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনার দরজা খোলা রেখেছেন। তবে শর্ত একটাই—সান্তোসের এই তারকাকে শারীরিকভাবে জাতীয় দলের প্রত্যাশা পূরণ করতে হবে।








