Logo

৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ মে, ২০২৬, ১৫:২১
৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ দিকে মাত্র ১০ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

খেলা থামার সময় ৬.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৫০ রান। লিটন দাস ২৫ এবং তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন।

ইনিংসের শুরুটা ছিল ইতিবাচক। প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সাইফ হাসানের ব্যাটে আসে ১২ রান, যেখানে ছিল একাধিক বাউন্ডারি।

বিজ্ঞাপন

চতুর্থ ওভারের প্রথম বলেই ভাঙে ওপেনিং জুটি। জেডন লেনক্সের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে ফেরেন সাইফ হাসান। ১১ বলে ১৬ রান করে আউট হন তিনি।

এরপর লিটন দাস কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। ওই ওভারে তিনি তিন বলে একটি চার ও একটি ছক্কায় ১২ রান যোগ করেন।

পঞ্চম ওভারে আসে বড় ধস। নাথান স্মিথের বলে প্রথমে স্টাম্পিংয়ে আউট হন তানজিদ হাসান তামিম। পরের বলেই ইশ সোধির হাতে ক্যাচ দিয়ে ডাক মারেন পারভেজ হোসেন ইমন। তবে হ্যাটট্রিক পূর্ণ করতে পারেননি কিউই বোলার। একের পর এক উইকেট হারিয়ে ১০ বলের ব্যবধানে ১৪ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি। ফলে সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচেও আকাশে মেঘ ও বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকেই।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়। ইনজুরির কারণে তানজিম হাসান সাকিব বাদ পড়লে তার জায়গায় সুযোগ পান সাইফউদ্দিন।

অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে দুটি পরিবর্তন এসেছে। বেন লিস্টার ও ম্যাট ফিশারের জায়গায় একাদশে সুযোগ পান জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড একাদশ: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স, বেন সিয়ার্স।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD