Logo

রেকর্ড গড়ে মুশফিকের সেঞ্চুরি, ৩৭৮ এগিয়ে বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৫:৪০
রেকর্ড গড়ে মুশফিকের সেঞ্চুরি, ৩৭৮ এগিয়ে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ার পর তৃতীয় দিনে দারুণ শুরু করে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই দলীয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এলবিডব্লিউ করে ফেরান খুররম শাহজাদ। রিভিউ নিয়েও রক্ষা পাননি তিনি।

বিজ্ঞাপন

এরপর লিটন দাস ও মুশফিকুর রহিম জুটি গড়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন। প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে ধীরস্থির ব্যাটিংয়ে এগোতে থাকেন। চা বিরতির আগে তিনি ৯০ রানে অপরাজিত ছিলেন।

বিরতির পর আক্রমণাত্মক কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই অভিজ্ঞ ব্যাটার। মোহাম্মদ আব্বাসকে চার মেরে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।

বিজ্ঞাপন

সেঞ্চুরি করার পথে মুশফিক গড়েছেন নতুন মাইলফলকও—বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনি। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ১০৩ রানে অপরাজিত আছেন, সঙ্গে আছেন তাইজুল ইসলাম (৯)।

অন্যদিকে লিটন দাস ৯২ বলে ৬৯ রান করে আউট হন। মেহেদী হাসান মিরাজ করেন ১৯ রান। রিপোর্ট লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩২ রান করেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে টাইগাররা এখন ৩৭৮ রানে এগিয়ে রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD