বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

দীর্ঘ অনিশ্চয়তা ও ইনজুরির কঠিন সময় কাটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। বিশ্বকাপ স্কোয়াডে নিজের নাম ঘোষণার পর আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘ পুনর্বাসন শেষে আবারও বিশ্বকাপের মঞ্চে ফেরার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
বিজ্ঞাপন
গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছেন নেইমার। ভিডিওতে তাকে তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আবেগময় মুহূর্ত ভাগাভাগি করতে দেখা যায়। বিশ্বকাপ দলে ফেরার আনন্দে চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
ভিডিওটির ক্যাপশনে নেইমার লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও আনন্দের দিনগুলোর একটি মুহূর্ত এখন ইউটিউব চ্যানেলে রয়েছে। ধন্যবাদ ব্রাজিল।’ তার এই বার্তা প্রকাশের পর ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
বিজ্ঞাপন
২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। কঠিন পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে এবার তিনি ফিরছেন নিজের চতুর্থ বিশ্বকাপ আসরে। ব্রাজিলের জার্সিতে এখন পর্যন্ত ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন এই ফরোয়ার্ড।
তবে বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনাও কম হয়নি। এ বিষয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন।
বিজ্ঞাপন
আনচেলত্তি বলেন, নেইমারের ফিটনেস অনেক উন্নতি করেছে। সে এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার অভিজ্ঞতা দলের জন্য বড় সম্পদ।
তিনি আরও বলেন, আমরা নেইমারকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবছি না। সে এক মিনিট খেলুক, পাঁচ মিনিট বা পুরো ম্যাচ সব পরিস্থিতিতেই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।








