Logo

বিশ্বকাপে নেইমারকে নেওয়ার কারণ জানালেন কোচ

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ মে, ২০২৬, ১১:৩০
বিশ্বকাপে নেইমারকে নেওয়ার কারণ জানালেন কোচ
ছবি: সংগৃহীত

অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। যদিও এর আগে ৫৫ সদস্যের প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত তাকে রাখা হবে কি না, তা নিয়ে ছিল ব্যাপক অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে স্কোয়াডে জায়গা দেন ইতালিয়ান এই কোচ। একই সঙ্গে বিশ্বকাপে নেইমারের ভূমিকা, সম্ভাব্য পজিশন ও শুরুর একাদশে থাকার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন আনচেলত্তি।

বিজ্ঞাপন

গত সোমবার দিবাগত রাতে রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে জমকালো আয়োজনে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সাবেক ফুটবলার, কোচ ও ফুটবল বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, ১৩টি দেশের সাংবাদিকসহ ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী অনুষ্ঠানটি কাভার করেন। সেখানে নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তন করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে।

দল ঘোষণার পর আনচেলত্তি জানান, সাম্প্রতিক সময়ে নেইমারের ফিটনেসের উন্নতি ও ধারাবাহিক পারফরম্যান্সই তাকে দলে নেওয়ার অন্যতম কারণ। ব্রাজিল কোচ বলেন, ‘আমরা পুরো বছরজুড়ে নেইমারকে পর্যবেক্ষণে রেখেছিলাম। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিকভাবে খেলা এবং শারীরিক অবস্থার উন্নতি আমাদের নজরে ছিল। বিশ্বকাপে অন্যদের মতো তারও সমান দায়িত্ব থাকবে। তবে সে অভিজ্ঞ একজন ফুটবলার এবং কিছু কিছু পজিশনে আমরা অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিই।’

বিজ্ঞাপন

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। তার গোলসংখ্যা ৭৯। তবে ২০২৩ সালে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হওয়ার পর থেকেই নিয়মিত মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এসিএল ইনজুরির পাশাপাশি ছোটখাটো আরও কিছু চোট তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। এ কারণেই এতদিন আনচেলত্তি বলে আসছিলেন, পুরোপুরি ফিট না হলে নেইমারের দলে ফেরা কঠিন হবে।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচেও কিছুটা অস্বস্তিতে দেখা গেছে নেইমারকে। সেই বিষয়টিও পুরোপুরি উড়িয়ে দেননি ৬৬ বছর বয়সী এই ইতালিয়ান কোচ। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, দলে জায়গা পেলেও শুরুর একাদশে নেইমারের খেলা এখনও নিশ্চিত নয়।

আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপে নেইমার গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কিন্তু এখানে খেলা, না খেলা, বেঞ্চে থাকা—সবকিছুরই সম্ভাবনা আছে। যদি সে ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে প্রথম ম্যাচের আগেই আরও ভালো অবস্থায় পৌঁছাতে পারবে। তার অভিজ্ঞতা এবং ড্রেসিংরুমে ইতিবাচক উপস্থিতি পুরো দলকে সহায়তা করবে। আমি সবসময় স্বচ্ছ ও সৎ থাকতে চাই। যদি নেইমার দলে থাকার যোগ্যতা প্রমাণ করে, তাহলে অবশ্যই খেলবে। শুরুর একাদশ নিয়ে আমার কিছু ধারণা আছে, কিন্তু অনুশীলনে খেলোয়াড়দের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

বিজ্ঞাপন

ব্রাজিল কোচ আরও বলেন, ‘আমি মনে করি না একটি দলের সব প্রত্যাশা একজন ফুটবলারের ওপর নির্ভর করা উচিত। দলগত পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে অবদান রাখতে হবে। আমি শুধু তারকা খেলোয়াড় চাই না, আমি এমন ফুটবলার চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমারকে শুধু রিজার্ভ হিসেবে নেওয়া হয়নি। সে এক মিনিট খেললেও দলের মান বাড়িয়ে তুলতে পারবে।’

এদিকে দল নির্বাচন নিয়ে আগেভাগেই সমালোচনা না করার আহ্বানও জানিয়েছেন আনচেলত্তি। তার ভাষায়, ‘এটা হয়তো নিখুঁত দল নয়, কিন্তু এই দল হবে সহনশীল, একাগ্র, বিনয়ী ও নিঃস্বার্থ। ফুটবল সবসময় সমষ্টিগত বিষয়, ব্যক্তিগত নয়। আমার কাছে প্রয়োজনীয় সব তথ্য আছে এবং সেসব বিবেচনায় নিয়েই আমি সিদ্ধান্ত নিয়েছি। এখন কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না সিদ্ধান্ত সঠিক নাকি ভুল। জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরই বোঝা যাবে আমি ঠিক করেছি নাকি ভুল।’

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD