বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। একই দিনে সভাপতি ও সহ-সভাপতি পদেও ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৬ মে) বিসিবির নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল প্রকাশ করে। এর মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রথম ধাপ হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। আগ্রহী প্রার্থীরা ওই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বিসিবির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে আগামী ২৩ মে প্রাথমিক বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২৪ মে তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে।
নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীরা ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। একই দিন দুপুর ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
এছাড়া ২৫ মে ডাকযোগে ভোট বা ই-ব্যালটের আবেদনও করতে হবে। সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৭ জুন বিসিবির বোর্ড রুমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
বিজ্ঞাপন
প্রতিবারের মতো এবারও তিনটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন বিভিন্ন শ্রেণি থেকে।
এর মধ্যে ক্যাটাগরি-১, অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। ক্যাটাগরি-২, অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। আর সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক।
বিজ্ঞাপন
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচনের পর একই দিনে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে ৭ জুনই দেশের ক্রিকেটের নতুন নেতৃত্ব চূড়ান্ত হয়ে যাবে।
ক্রিকেট অঙ্গনে ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব প্রতিনিধি এবং সাবেক ক্রিকেটারদের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সেই আলোচনা এখন আরও গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








