টেস্ট সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে ২০২৬) সিলেটে দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এর আগে মিরপুরে প্রথম টেস্টেও ১০৪ রানের জয় পেয়েছিল টাইগাররা। এই জয়ের মাধ্যমে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পাশাপাশি ইতিহাস গড়ে বাংলাদেশ।
এই সাফল্যের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ পঞ্চম স্থানে উঠে এসেছে। টাইগারদের পয়েন্ট শতাংশ দাঁড়িয়েছে ৫৮.৩৩, যেখানে ৪৮.১৫ শতাংশ নিয়ে ভারত রয়েছে ছয় নম্বরে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এই অর্জন দেশের জন্য গর্বের। এ ধরনের সাফল্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।
তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করবে। পাশাপাশি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।








