Logo

ঢাকায় এসেই বাংলাদেশের কোচ হলেন থমাস ডুলি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২২ মে, ২০২৬, ১১:৪৫
ঢাকায় এসেই বাংলাদেশের কোচ হলেন থমাস ডুলি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন থমাস ডুলি। শুক্রবার (২২ মে) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাজধানীতে আসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে হোটেলে নিয়ে যান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ঢাকায় পৌঁছানোর পরপরই থমাস ডুলিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয় বাফুফে। ফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে দুই বছরের জন্য কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। প্রায় আড়াইশ’র বেশি আবেদন থেকে বিশেষ কমিটি ২২ জনের তালিকা তৈরি করে। পরে সেখান থেকে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করে সাক্ষাৎকার নেয় ফেডারেশন। শুরুতে ওয়েলসের কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ থাকলেও এজেন্ট ফি–সংক্রান্ত জটিলতায় শেষ পর্যন্ত চুক্তি হয়নি। পরে থমাস ডুলিকেই বেছে নেয় বাফুফে।

বিজ্ঞাপন

দীর্ঘ ৪৩ বছরের ফুটবল অভিজ্ঞতা রয়েছে যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান এই কোচের। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে খেলেছেন। এছাড়া ১৯৯৮ বিশ্বকাপে দলটির অধিনায়কও ছিলেন তিনি।

কোচিং ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত জুর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ডুলি। পরে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নিয়ে দলটিকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অধীনেই ফিলিপাইন নিজেদের সর্বোচ্চ ফিফা র‍্যাঙ্কিং অর্জন করে।

বিজ্ঞাপন

সবশেষ গায়ানা জাতীয় দলের কোচ ছিলেন ডুলি। তার অধীনে দলটি টানা চার ম্যাচে জয় পেয়েছিল।

বাফুফের আশা, থমাস ডুলির অভিজ্ঞতা ও পরিকল্পনায় বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে আরও প্রতিযোগিতামূলক একটি দল গড়ে তোলা সম্ভব হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD