এলপিএল ড্রাফটে নাম দিয়েছেন ৪৮ বাংলাদেশি ক্রিকেটার

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে এবার আবারও ফিরছে ড্রাফট পদ্ধতি। আগামী ১ জুন অনুষ্ঠিত হবে এবারের ড্রাফট, যেখানে অংশ নিতে ইতোমধ্যে ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কা ক্রিকেটের তথ্য অনুযায়ী, এবারের আসরে খেলার আগ্রহ দেখিয়ে ড্রাফটে নাম দিয়েছেন ৪৮ জন বাংলাদেশি ক্রিকেটার। তবে এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি।
ড্রাফটে সবচেয়ে বেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তানের খেলোয়াড়রা। দেশটি থেকে ১২০ জন ক্রিকেটার নাম দিয়েছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৭৫ জন, দক্ষিণ আফ্রিকার ৬৮ জন, নিউজিল্যান্ডের ৪১ জন, অস্ট্রেলিয়ার ২৪ জন, ইংল্যান্ডের ১৫ জন এবং ভারতের ১২ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন।
বিজ্ঞাপন
পূর্ণ সদস্য দেশগুলোর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের মতো সহযোগী দেশ থেকেও ক্রিকেটাররা নিবন্ধন করেছেন। যাচাই-বাছাই শেষে মোট ৬৫০ জনের মধ্য থেকে ৩১০ জন ক্রিকেটারকে চূড়ান্ত ড্রাফট তালিকায় রাখা হবে।
আগামী ১৭ জুলাই মাঠে গড়াবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গল। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল। এছাড়া ফাইনালের জন্য ৯ আগস্ট রিজার্ভ ডে রাখা হয়েছে।








