বিশ্বকাপের গান ঘিরে বিতর্ক, ফিফার ওপর ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা

২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে ফিফা। ‘গোলস’ শিরোনামের গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অসংখ্য ফুটবল ভক্ত। তাদের অভিযোগ, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের আবেগ ও ঐক্যের বার্তা তুলে ধরতে ব্যর্থ হয়েছে নতুন এই সংগীত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত গানটিতে কণ্ঠ দিয়েছেন কে-পপ তারকা লিসা, ব্রাজিলিয়ান শিল্পী আনিতা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী রেমা। ‘ট্রপকিল্যাজ’-এর প্রযোজনায় তৈরি গানটিতে কে-পপ, ল্যাটিন পপ এবং আফ্রোবিটসের সমন্বয় রাখা হয়েছে।
গানটির ভিডিও ও শিল্পীদের পারফরম্যান্স দৃষ্টিনন্দন হলেও ফুটবল সমর্থকদের বড় একটি অংশ মনে করছেন, এতে বিশ্বকাপের চিরচেনা আবেগ অনুপস্থিত। তাদের মতে, বিশ্বকাপের গান মানেই থাকে দেশপ্রেম, সমর্থকদের উন্মাদনা, ঐক্যের বার্তা এবং স্টেডিয়ামের উত্তেজনাময় আবহ। কিন্তু ‘গোলস’-এ ফুটবলের সেই অনুভূতির বদলে ব্যক্তিগত গ্ল্যামার, বিলাসী জীবনযাপন ও অর্থবিত্তের বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে।
বিজ্ঞাপন

বিশেষ করে গানের কিছু লাইন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকের মতে, “আমার শরীর, আমার ফিট”, “আমার গাড়ি” কিংবা “ক্লাবটা কিনে নাও” ধরনের কথাগুলো বিশ্বকাপের চেতনাকে প্রতিনিধিত্ব করে না।
একজন ক্ষুব্ধ ফুটবল সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন যেখানে পুরো পৃথিবীর মানুষ একসঙ্গে আনন্দ উদযাপন করে। অথচ নতুন গানটিতে মানুষের ঐক্য বা খেলাধুলার আবেগের পরিবর্তে বাহ্যিক চাকচিক্য ও ধনসম্পদের বিষয় তুলে ধরা হয়েছে।
বিজ্ঞাপন
নতুন গানটির সঙ্গে অতীতের জনপ্রিয় বিশ্বকাপ সংগীতগুলোর তুলনাও টানছেন অনেকে। বিশেষ করে শাকিরার গাওয়া ২০১০ বিশ্বকাপের বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা’ এবং জাংকুকের কণ্ঠে ২০২২ বিশ্বকাপের গান ‘ড্রিমার্স’ উদাহরণ টেনে বলা হচ্ছে, সেসব গানে যে আবেগ ও উদ্দীপনা ছিল, ‘গোলস’ তার কাছাকাছিও যেতে পারেনি।
কেউ কেউ আবার ২০২২ বিশ্বকাপ ঘিরে প্রকাশিত বিতর্কিত গান ‘টুকোহ টাকা’র চেয়েও নতুন গানটিকে দুর্বল বলে মন্তব্য করেছেন।
তবে সমালোচনার মধ্যেও গানটির দর্শকসংখ্যা দ্রুত বাড়ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশের পর অল্প সময়েই ‘গোলস’ ২৫ লাখের বেশি ভিউ পেয়েছে। ফলে বিতর্কের পাশাপাশি গানটি যে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তা স্পষ্ট।








