তৃতীয়বারের মতো বাবা হলেন আশরাফুল, পরিবারে এলো পুত্রসন্তান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল তৃতীয়বারের মতো বাবা হয়েছেন। শুক্রবার (২২ মে) রাত ১০টা ৩৫ মিনিটে তার পরিবারে জন্ম নিয়েছে একটি পুত্রসন্তান। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন দেশের ক্রিকেটের এক সময়ের জনপ্রিয় এই ব্যাটার।
বিজ্ঞাপন
নবজাতক সন্তানকে মহান আল্লাহর বিশেষ রহমত ও নিয়ামত হিসেবে উল্লেখ করে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন আশরাফুল। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রথমে একটি কন্যাসন্তান, এরপর একটি পুত্রসন্তান এবং এবার আরও এক পুত্রসন্তানের বাবা হওয়ার সৌভাগ্য হয়েছে তার।
সাবেক এই অধিনায়ক আরও লেখেন, সন্তানের মতো নেয়ামতের জন্য তিনি অন্তরের গভীর থেকে শুকরিয়া আদায় করছেন। একই সঙ্গে আল্লাহ যেন তার সন্তানদের সুস্থ, নেক, দ্বীনদার ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দেন—সেই প্রার্থনাও করেন তিনি।
বিজ্ঞাপন
পোস্টের শেষদিকে ভক্ত-সমর্থকদের কাছেও সন্তানদের জন্য দোয়া চেয়েছেন আশরাফুল। তার এই সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত আশরাফুল ২০০১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ক্যারিয়ারে ৬১টি টেস্ট, ১৭৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। তিন সংস্করণ মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৬ হাজার ৬৫৫।
বিজ্ঞাপন
বর্তমানে ৪১ বছর বয়সী মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রেখে চলেছেন তিনি।









