Logo

বাংলাদেশের তিন চ্যানেলে দেখা যেতে পারে বিশ্বকাপের ম্যাচ

profile picture
ক্রীড়া ডেস্ক
৪ জুন, ২০২৬, ১৮:১৪
বাংলাদেশের তিন চ্যানেলে দেখা যেতে পারে বিশ্বকাপের ম্যাচ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা শিগগিরই দূর হতে পারে। সরকারের তত্ত্বাবধানে তিনটি জাতীয় টেলিভিশন চ্যানেলকে নিয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব অর্জনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি আরও একটি টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হতে পারে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপের বাংলাদেশি সম্প্রচার স্বত্ব প্রথমে কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড। তবে প্রতিষ্ঠানটি দেশের ভেতরে উপযুক্ত ক্রেতা বা সম্প্রচার অংশীদার খুঁজে না পাওয়ায় শেষ পর্যন্ত তাদের পূর্বনির্ধারিত পরিকল্পনা থেকে সরে আসে। এর ফলে বিশ্বকাপ শুরু হওয়ার অল্প কিছুদিন আগে বাংলাদেশে টুর্নামেন্ট সম্প্রচার নিয়ে জটিলতা ও অনিশ্চয়তার সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে দ্রুত উদ্যোগ নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত করতে সরকারি পর্যায়ে একাধিক বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ প্রক্রিয়ায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তারা সম্প্রচার খাতের বিভিন্ন অংশীজন, ক্রীড়া সম্প্রচারকারী প্রতিষ্ঠান, জাতীয় গণমাধ্যম, টেলিযোগাযোগ কোম্পানি এবং ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মগুলোর প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও আলোচনা চালান। এসব আলোচনার ভিত্তিতে বিশ্বকাপ সম্প্রচারের জন্য একটি নতুন বাণিজ্যিক মডেল তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্রগুলো বলছে, নতুন কাঠামোর আওতায় শুধু প্রচলিত টেলিভিশন বিজ্ঞাপন নয়, ডিজিটাল মাধ্যম এবং টেলিকম খাত থেকেও রাজস্ব আহরণের সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে সম্প্রচার স্বত্বের আর্থিক বোঝা তুলনামূলকভাবে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

জানা গেছে, বিশ্বকাপ সম্প্রচারের স্বত্বের মূল্য এখন ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারণ করা হয়েছে। যা স্প্রিংবক প্রাইভেট লিমিটেডের প্রাথমিকভাবে নির্ধারিত প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলারের দাবির তুলনায় অনেক কম। সংশ্লিষ্টরা মনে করছেন, এ মূল্য সমন্বয়ই চুক্তি সম্পন্ন হওয়ার পথকে সহজ করেছে।

বিজ্ঞাপন

এছাড়া নতুন ব্যবস্থায় বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করায় অর্থায়নের বিষয়টিও সহজ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, পুরো প্রক্রিয়ায় সরকারি কোষাগার বা করদাতাদের অর্থ ব্যবহার করার প্রয়োজন হয়নি। বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের সমন্বয়ে আর্থিক কাঠামো গড়ে তোলা হয়েছে।

ক্রীড়াপ্রেমীদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। কারণ সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা দীর্ঘায়িত হলে দেশের কোটি কোটি দর্শক বিশ্বকাপের ম্যাচ টেলিভিশনে দেখার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা ছিল। তবে নতুন উদ্যোগ সফল হলে দেশের দর্শকরা একাধিক চ্যানেলে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রগুলোর আশা, আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব শিগগিরই সম্প্রচারকারী চ্যানেলগুলোর নাম এবং সম্প্রচার সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হবে। ফলে বিশ্বকাপ ঘিরে দর্শকদের উদ্বেগ দূর হবে এবং টুর্নামেন্ট শুরুর আগেই সম্প্রচার সংক্রান্ত সব অনিশ্চয়তার অবসান ঘটবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD