Logo

বাংলাদেশের সাথে কখনও জিততে পারেনি আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৮:৪৬
বাংলাদেশের সাথে কখনও জিততে পারেনি আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়লে বাংলাদেশেও নতুন করে প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা। ফুটবলের মাঠে আর্জেন্টিনার সাফল্য ও জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই।

বিজ্ঞাপন

তবে ক্রিকেটের মাঠে আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড একেবারেই ভিন্ন। ক্রিকেটে আর্জেন্টিনার কাছে কখনেই হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে টাইগাররা।

ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার একটি জাতীয় ক্রিকেট দলও রয়েছে—এ তথ্য অনেকের কাছেই অজানা। বাংলাদেশের ক্রিকেটের শুরুর যুগে আইসিসি ট্রফির আসরে দুই দলের কয়েকবার মুখোমুখি হওয়ার ইতিহাস রয়েছে। ওয়ানডে মর্যাদা পাওয়ার আগেই আইসিসি ট্রফিতে তিনবার আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ এবং প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা।

বিজ্ঞাপন

দুই দলের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৬ সালের জুন মাসে ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আর্জেন্টিনা মাত্র ১২২ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ব্যাট হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে মাত্র তিন উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এরপর ১৯৯৪ সালের ফেব্রুয়ারিতে কেনিয়ার নাইরোবিতে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় বাংলাদেশ ও আর্জেন্টিনা। ম্যাচটিতেও বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি আর্জেন্টিনা। এনামুল ও নওশেরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের ইনিংস থেমে যায় ১২০ রানে। জবাবে বাংলাদেশ মাত্র তিন উইকেট হারিয়ে ৮৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

বিজ্ঞাপন

তৃতীয় ও সর্বশেষবার ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। সেই ম্যাচেও জয় পায় টাইগাররা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে বাংলাদেশ।

ফুটবলের মাঠে আর্জেন্টিনা বাংলাদেশের অসংখ্য সমর্থকের আবেগের নাম হলেও ক্রিকেটে দুই দেশের লড়াইয়ে বরাবরই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। ইতিহাস বলছে, আন্তর্জাতিক ক্রিকেটে আর্জেন্টিনার বিপক্ষে এখনো অপরাজিত রয়েছে টাইগাররা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD